অপতথ্য ও ফেক ভিডিও ঠেকাতে আইনজীবী-প্রযুক্তিবিদ প্যানেল গঠন করবে সরকার
ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরপরাধ ও সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এসব কর্মকাণ্ড রোধে সরকার বদ্ধপরিকর জানিয়ে তিনি বলেন, এ জন্য একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
তথ্য উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাইবার বুলিং করা হচ্ছে। জনগণকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে এবং আইন যথাযথভাবে প্রয়োগ করা হবে।
তিনি বলেন, সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, পলায়নের সময় কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হবে।
মন্ত্রিসভা বা উপদেষ্টা পরিষদে পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, কেউ দায়িত্ব পালনে সক্ষম না হলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনতে পারেন। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।
দেশীয় গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া না হওয়ার পেছনে কোনো অলিগার্কের স্বার্থ রক্ষা করা হয়নি বলেও দাবি করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আরও ২৫ বছর জ্বালানি চাহিদা মেটানো সম্ভব। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির জন্য সরকার আরও তিন বছর সময় চেয়েছে। এতে ব্যবসায়ীদের ওপর চাপ কমবে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে ডা. জাহেদ উর রহমান জানান, আগামী আগস্ট থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ কর্মসূচি চালু করা হবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে ডুয়েল-কারেন্সি প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে।
এদিকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এখনো ক্ষতিপূরণ দিতে না পারাকে সরকারের ব্যর্থতা হিসেবে স্বীকার করেছেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘এটি সরকারের ব্যর্থতা, আমরা স্বীকার করছি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো অবশ্যই ক্ষতিপূরণ পাবেন।’



























