শুধু পদত্যাগ নয়, রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শুধু পদত্যাগ নয়, পদত্যাগের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করা উচিত বলে মন্তব্য করেছেন সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের পর যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আবারও ছাত্র-জনতার আন্দোলন গড়ে উঠতে পারে বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘এতদিন পর এসে রাষ্ট্রপতির কেন মনে হলো পদত্যাগ করতে হবে? পাঁচ মাসে আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি বিএনপি। যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি, তারা কীভাবে রাষ্ট্রের পরিবর্তন করবে? শুধু পদত্যাগ করলে হবে না, আমরা তাঁর গ্রেপ্তার দেখতে চাই।’
তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে আমরা পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু দেশে মাদক কারবার, চাঁদাবাজি, দলীয়করণ ও জমি দখল বন্ধ হয়নি। আপনার জমি দখল হলে কোথায় যাবেন? মিডিয়া, পুলিশ ও আদালত সব দলীয়করণ হয়ে গেলে কোথাও ন্যায়বিচার পাবেন না।’
এনসিপির আহ্বায়ক বলেন, গণভোটের পক্ষে জনগণ ভোট দিলেও এখনো জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সরকার এক কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে কতজনের কর্মসংস্থান হয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘সরকার যদি জাতীয় ঐক্যকে গুরুত্ব না দেয়, তাহলে তারা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। সরকার যদি মনে করে ভয় পাওয়ার কিছু নেই, তাহলে মনে রাখা উচিত, যেভাবে জুলাই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছিল, প্রয়োজন হলে বাংলাদেশের ছাত্ররাই আবার এই সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে।’
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘কয়েকদিন আগে জামালপুরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, তা জেলা পুলিশ প্রশাসন ও পুলিশ সুপারের কাছে জানতে চাই।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্টদের তাণ্ডবলীলা চললে এর দায় পুলিশ প্রশাসন ও সরকারকে নিতে হবে।’
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব লুৎফুর রহমান, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
এনসিপির জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মো. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে আবু সাইদ মো. শামীম এবং জামালপুর পৌরসভার মেয়র পদে আবিদ সৌরভকে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।



























