টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন জাস্টিন গ্রিভস
পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়া এক স্পেল উপহার দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। ত্রিনিদাদে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে টানা পাঁচটি উইকেট-মেডেন ওভার করে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে এমন কীর্তি এর আগে আর কোনো বোলার গড়তে পারেননি।
তারুবার ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে গ্রিভসের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণে থাকা পাকিস্তানের ইনিংসে নাটকীয় ধস নামে। ডানহাতি এই পেসার ১১ ওভারে ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার গড়েন। তার পাঁচটি উইকেটই আসে টানা পাঁচ ওভারে, যেখানে কোনো রান দিতে হয়নি তাকে।
টেস্ট ক্রিকেটে এটিই ছিল গ্রিভসের প্রথম পাঁচ উইকেট শিকার। এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড টানা চারটি উইকেট-মেডেন ওভার করার রেকর্ড গড়েছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন গ্রিভস।
শান মাসুদ সেঞ্চুরি পূর্ণ করার পর পাকিস্তান ৩ উইকেটে ২৪৪ রান সংগ্রহ করে বড় লিড নেওয়ার পথে এগিয়ে যাচ্ছিল। কিন্তু গ্রিভসের আক্রমণে দ্রুত বদলে যায় ইনিংসের চিত্র। মাসুদকে ফেরানোর পর পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডারে একের পর এক আঘাত হানেন তিনি।
আমের জামাল, আলি উসমান ও মোহাম্মদ রিজওয়ানকে পরপর সাজঘরে ফেরান গ্রিভস। টানা কয়েক ওভারে পাকিস্তানকে কোনো রানই নিতে দেননি তিনি।
লাঞ্চ বিরতির পর আবার আক্রমণে ফেরেন গ্রিভস। মোহাম্মদ আব্বাসকে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে টানা পঞ্চম উইকেট-মেডেন ওভার পূর্ণ করেন তিনি। এর সঙ্গে নিশ্চিত করেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার এবং গড়েন টেস্ট ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৩১১ রান সংগ্রহ করেছিল। জবাবে পাকিস্তান সেই রান সহজেই টপকে বড় লিড নেওয়ার অবস্থানে ছিল। তবে গ্রিভসের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ২৮২ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফলে প্রথম ইনিংসে ২৯ রানের গুরুত্বপূর্ণ লিড পায় ওয়েস্ট ইন্ডিজ।


























