আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ফিফার তদন্ত
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফলকল্যান্ড (মালভিনাস) দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শন এবং ফাইনালের পর মাঠে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর উদযাপনের সময় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় “লাস মালভিনাস সন আর্জেন্তিনাস” (মালভিনাস আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। মালভিনাস, যা যুক্তরাজ্যে ফলকল্যান্ড দ্বীপপুঞ্জ নামে পরিচিত, দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল। ১৯৮২ সালের ফলকল্যান্ড যুদ্ধকে কেন্দ্র করে ৯০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে।
ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, ফুটবল মাঠে রাজনৈতিক বা অ-ক্রীড়াসংক্রান্ত বার্তা প্রদর্শন নিষিদ্ধ। এ কারণে ব্যানারটি প্রদর্শনের বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে। এর আগে ২০১৪ সালেও একই ধরনের ব্যানার প্রদর্শনের ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা।
অন্যদিকে, নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে হামলার তিনটি অভিযোগ আনা হয়েছে। ডিফেন্ডার নাহুয়েল মোলিনার বিরুদ্ধে দুটি হামলা এবং একটি অসংযত আচরণের অভিযোগও তদন্তাধীন।
এ ছাড়া আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা মারামারিতে জড়ানোর অভিযোগে এবং বদলি বেঞ্চে থাকা থিয়াগো আলমাদা অসংযত আচরণের অভিযোগে তদন্তের মুখে পড়েছেন। একই অভিযোগে স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও তদন্ত চলছে।
শুধু খেলোয়াড় বা কর্মকর্তাই নয়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধেও একাধিক অভিযোগ এনেছে ফিফা। অভিযোগগুলোর মধ্যে রয়েছে বর্ণবৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, নির্ধারিত সময়ে ম্যাচ শুরু না করা, ম্যাচ ও নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন, দল ও দর্শকদের মাধ্যমে অনুপযুক্ত বার্তা প্রদর্শন এবং দর্শকদের বস্তু নিক্ষেপ।
ফিফা জানিয়েছে, শৃঙ্খলাবিধি অনুসারে অভিযুক্তদের নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়েছে। তাদের লিখিত ব্যাখ্যা পর্যালোচনার পর ডিসিপ্লিনারি কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
সূত্র: দ্য গার্ডিয়ান





















