ঢাবিতে নতুন রূপে জুলাই গ্রাফিতি ও পুনর্লিখন কার্যক্রম শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন দেয়ালে আঁকা ‘জুলাই গ্রাফিতি’ দীর্ঘমেয়াদে সংরক্ষণের উদ্যোগ হিসেবে পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হয়েছে। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে।
শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতনসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে জুলাই গ্রাফিতি পুনর্লিখন ও সংরক্ষণ, জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জুলাই স্মৃতি কর্নার’ চালু।
এ ছাড়া বিভিন্ন অনুষদ ও আবাসিক হলে সেমিনার, স্মৃতিচারণা, প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, রচনা ও কুইজ প্রতিযোগিতা, মোমবাতি প্রজ্বালন, দোয়া-মাহফিল, প্রার্থনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এসব কর্মসূচির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই সময়ের ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।



























