মধ্যপ্রাচ্যে সতর্কতা, মার্কিন নাগরিকদের অঞ্চল ছাড়ার প্রস্তুতির পরামর্শ
রানকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কঠোর হুমকির পর মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। সম্ভাব্য বৃহত্তর সংঘাতের আশঙ্কায় অঞ্চলজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনে অঞ্চলটি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
রোববার (২ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাহরাইন, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো অনলাইনে নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এতে সম্ভাব্য অপ্রত্যাশিত উত্তেজনা বৃদ্ধি, ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণে বিঘ্ন ঘটার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।
সতর্কতা জারির পেছনে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে কারণ হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে চলমান সমঝোতার প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর “খুব কঠোরভাবে” আঘাত হানবে।
ট্রাম্প বলেন, “আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হানব। একপর্যায়ে তারা বলবে, আমরা আর এটা সহ্য করতে পারছি না।” তিনি আরও অভিযোগ করেন, ইরান বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করছে এবং “মিথ্যাচার ও ভুল ব্যাখ্যা” দিচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কনস্যুলার অ্যাফেয়ার্স এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত সতর্কবার্তায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সব সময় সতর্ক থাকতে হবে এবং সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ বা অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে হবে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা এ অঞ্চলে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা পুনরায় শুরুর পরিকল্পনা স্থগিত করেছে, আর কিছু প্রতিষ্ঠান নির্দিষ্ট রুটে ফ্লাইট বাতিল করেছে। এ কারণে পরিস্থিতি আরও অবনতির আগে অঞ্চলটি ত্যাগ করার বিষয়টি বিবেচনা করতে অথবা জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদেরও ওই অঞ্চল হয়ে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর ও বিমান সংস্থাগুলোর সর্বশেষ নির্দেশনা নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে।
পৃথক সতর্কবার্তায় জর্ডানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া সামরিক স্থাপনাগুলোর আশপাশ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে, ইসরায়েলে থাকা মার্কিন নাগরিকদের নিকটস্থ আশ্রয়কেন্দ্রের অবস্থান আগে থেকেই জেনে রাখার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র।
তথ্যসূত্র: এনডিটিভি।



























