‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না’—এ ভাষা শেখ হাসিনার মতোই: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান বিরোধীদলীয় নেতারা যে ভাষায় কথা বলছেন, তা অতীতে শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে মিল রয়েছে।
সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “এখন যে ভাষায় বিরোধীদলীয় নেতারা কথা বলছেন—‘৫ বছর ক্ষমতায় থাকতে দেব না।’ ঠিক এমনই কথা বলতেন শেখ হাসিনা।”
তিনি আরও বলেন, “১৯৯১ সালে আওয়ামী লীগ বলেছিল, সরকারকে একটি মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেব না। ঠিক সেই একই ভাষায় কথা বলতে শুরু করেছে বর্তমান বিরোধীদলের নেতারা।”
জুলাই সনদ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়নের বিরোধী—এমন ধারণা ভুল। তাঁর ভাষ্য, ঐকমত্য কমিশন গণভোটের একটি প্রশ্ন চাপিয়ে দিয়েছে এবং এতে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। তবে বিএনপি যেসব বিষয়ে একমত নয়, তা স্পষ্টভাবে জানিয়েছে এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ বাস্তবায়ন করবে।
রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি বলেন, রাজপথে আন্দোলন করা বিরোধীদলের গণতান্ত্রিক অধিকার। তবে সেই আন্দোলন যেন সংঘাতের দিকে না যায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিয়ত জনগণের কল্যাণে কাজ করছেন। এ অবস্থায় সরকারকে সহযোগিতা করার পরিবর্তে কেবল নেতিবাচক প্রচারণা চালানো হলে দেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। দেশের স্বার্থে সংঘাত নয়, বরং সহনশীলতা ও জাতীয় ঐক্যের সংস্কৃতি গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। একই সঙ্গে বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি।


























