ঝিনাইদহে ৪ হাজার ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার ২০ পিস ইয়াবাসহ নুয়াব আলী (৪৯) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকেলে হাটগোপালপুর খাদ্যগুদামের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার নুয়াব আলী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কুমারহাটি গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ মো. হাশেম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কালীগঞ্জ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে ইয়াবার চালান পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে হাটগোপালপুর খাদ্যগুদামের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে নুয়াব আলীর কাছে থাকা ব্যাগ থেকে ৪ হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত নুয়াব আলীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।
























