গোদাগাড়ীতে জলবায়ু মোকাবিলায় স্টুডেন্ট স্কয়ারের ৬০০ তালগাছ রোপণ
বরেন্দ্র অঞ্চলের খরাপ্রবণতা, তীব্র দাবদাহ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশন। পরিবেশের ভারসাম্য রক্ষায় সংগঠনটি হাতে নিয়েছে ‘Counter Climate Change Project’—যার আওতায় বরেন্দ্র অঞ্চলে এক লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই প্রকল্পের অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়ীতে দ্বিতীয় ধাপে ৬০০টি তালগাছ রোপণ করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) উপজেলার কলিপুর সড়কের দুই পাশে সংরক্ষিত সড়ক এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-১(গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জননেতা অধ্যাপক মো. মুজিবুর রহমান।
স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশন জানায়, বরেন্দ্র অঞ্চলের জলবায়ু ও পরিবেশগত সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্প নেওয়া হয়েছে। বিশেষ করে খরাপ্রবণ এলাকায় গাছের আচ্ছাদন বাড়িয়ে স্থানীয় তাপমাত্রা কমানো, মাটির ক্ষয় রোধ, বজ্রপাতের ঝুঁকি কমানো এবং জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
এর আগে প্রকল্পের প্রথম ধাপে গত বছর গোদাগাড়ীর মাধবপুর-হঠাৎপাড়া সড়কের দুইপাশে ৬৫০টি তালগাছ রোপণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার আরও ৬০০টি তালগাছ রোপণের মধ্য দিয়ে প্রকল্পটি নতুন গতি পেয়েছে।
আয়োজকেরা বলেন, বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন দৃশ্যমান হচ্ছে। অনাবৃষ্টি, দীর্ঘস্থায়ী খরা ও অতিরিক্ত তাপমাত্রা এখানকার কৃষি, জনজীবন ও পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরি করছে। এমন বাস্তবতায় শুধু গাছ লাগানো নয়, পরিকল্পিত বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ও জলবায়ু-সহনশীল বরেন্দ্র গড়ে তোলাই এই প্রকল্পের মূল প্রত্যয়।
স্টুডেন্ট স্কয়ার ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, সড়কের দুই পাশে তালগাছের সারি একদিকে যেমন পরিবেশের সৌন্দর্য বাড়াবে, অন্যদিকে ভবিষ্যতে পথচারী ও স্থানীয় মানুষের জন্য তৈরি করবে সবুজ ও শীতল পরিসর।
আয়োজকদের প্রত্যাশা, ধারাবাহিকভাবে এক লাখ গাছ রোপণের লক্ষ্য বাস্তবায়ন করা গেলে বরেন্দ্র অঞ্চলের পরিবেশ সুরক্ষায় এটি একটি কার্যকর ও দৃষ্টান্তমূলক সামাজিক উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে।


























