চরভদ্রাসনে ১০ পিস কথিত ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, থানায় মামলা
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টা ৪০ মিনিটে চরভদ্রাসন থানার কিলো-৫ ডিউটি ও বিশেষ অভিযান চলাকালে কানাইরটেক বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হাজীগঞ্জ বাজারের মাসুম বেপারীর সিঙ্গারা-পুরির দোকানের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) মো. কেরামত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। পুলিশ পৌঁছালে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের সামনের ডান পকেটে থাকা সাদা পলিথিনের ভেতর থেকে ১০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর আনুমানিক ওজন ১ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন জামাল বেগ (৪০)। তিনি চরভদ্রাসন উপজেলার চরহোসেনপুর মধু ফকিরের ডাঙ্গী এলাকার মৃত কালাম বেগের ছেলে।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই সাক্ষীদের উপস্থিতিতে আইনানুগভাবে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এজাহারে দাবি করা হয়েছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় এসআই (নিঃ) মো. কেরামত আলী বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলা নং-০৬, তারিখ: ১১ আগস্ট ২০২৬ দায়ের করেন। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার তফসিলভুক্ত ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।





















