শীলখালী চেকপোস্টে সিলিন্ডারের ভেতর লুকানো ১৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
কক্সবাজারের টেকনাফে প্রাইভেটকারের সিলিন্ডারের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় গাড়ির চালক মো. ইসমাইল (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে টেকনাফের শীলখালী চেকপোস্টে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানোর সময় সন্দেহ হলে গাড়িটির সিলিন্ডারে বিশেষভাবে লুকানো ইয়াবার সন্ধান পাওয়া যায়। পরে সিলিন্ডারের ভেতর থেকে মোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং গাড়ির চালক ইসমাইলকে আটক করা হয়।
আটক মো. ইসমাইল টেকনাফ থানাধীন ছোট হাবিরপাড়া গ্রামের নুরুল বশরের ছেলে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে





















