মুকসুদপুরে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ পিরানহা মাছ
চাঁদা মাছের নামে মাংসাশী পিরানহা বিক্রি, অভিযান চালানোর দাবি সচেতন মহলের
গোপালগঞ্জের মুকসুদপুরে অবাধে বিক্রি হচ্ছে সরকারি বিধি অনুযায়ী বিক্রয় ও চাষ নিষিদ্ধ মাংসাশী পিরানহা মাছ। অভিযোগ উঠেছে, কিছু অসাধু মাছ ব্যবসায়ী ক্রেতাদের কাছে পিরানহা মাছকে ‘চাঁদা মাছ’ নামে বিক্রি করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন মাছের বাজার ও দোকানে প্রকাশ্যে পিরানহা মাছ বিক্রি করা হচ্ছে। সাধারণ ক্রেতাদের অনেকেই মাছটির প্রকৃত পরিচয় না জানায় ‘চাঁদা মাছ’ হিসেবে কিনে নিয়ে যাচ্ছেন। ফলে একদিকে যেমন নিষিদ্ধ মাছের বেচাকেনা চলছে, অন্যদিকে প্রতারিত হচ্ছেন ক্রেতারাও।
পিরানহা একটি মাংসাশী মাছ। পরিবেশ ও দেশীয় জলজ জীববৈচিত্র্যের ওপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাবের কারণে দেশে পিরানহা মাছের চাষ, উৎপাদন, পরিবহন, বিক্রি ও সংরক্ষণ নিষিদ্ধ করা হয়েছে।
সচেতন মহলের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি ও অভিযান না থাকায় অসাধু ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে পিরানহা বিক্রি করার সুযোগ পাচ্ছেন।
স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত মুকসুদপুরের বিভিন্ন মাছের বাজারে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ পিরানহা মাছের বিক্রি বন্ধ, মজুতকারীদের শনাক্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তাদের দাবি, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ পিরানহা মাছের বিরুদ্ধে প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান জরুরি।

























