আইয়ুব বাচ্চুর জন্মবার্ষিকীতে ‘উত্তরাধিকার’, নতুন আয়োজনে ২০ গান
প্রয়াত হয়েছেন আট বছর আগে। তবে সুর ও গানে এখনো শ্রোতাদের হৃদয়ে অমলিন ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। তার জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিশেষ অ্যালবাম ‘উত্তরাধিকার’। আইয়ুব বাচ্চুর ২০টি জনপ্রিয় গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানগুলো নতুন করে সংগীতায়োজন করেছেন সময়ের বিভিন্ন ব্যান্ড ও শিল্পী।
ইতোমধ্যে অ্যালবামের দুটি গান ‘রুপালি গিটার’ ও ‘কষ্ট পেতে ভালোবাসি’ প্রকাশ পেয়েছে। আইয়ুব বাচ্চুর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত গান দুটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
‘রুপালি গিটার’ গানটি নতুন আয়োজনে গেয়েছেন বাপ্পা মজুমদার। অন্যদিকে ‘কষ্ট পেতে ভালোবাসি’ গানটি কণ্ঠ দিয়েছেন কানিজ সুবর্ণা। নতুন আয়োজনে গান দুটি প্রকাশের পর শ্রোতাদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। বিশেষ করে মূল গানের সঙ্গে নতুন সংস্করণের মিল-অমিল নিয়েই আগ্রহ বেশি দেখা যাচ্ছে।
ইউটিউবের মন্তব্যের ঘরে বাপ্পা মজুমদারের কণ্ঠে ‘রুপালি গিটার’ শুনে অনেক ভক্ত আবেগাপ্লুত হওয়ার কথা জানিয়েছেন। নতুনভাবে গানটি উপস্থাপনের প্রশংসা করার পাশাপাশি বাপ্পা মজুমদারের গায়কীরও প্রশংসা করেছেন অনেকে।
অন্যদিকে কানিজ সুবর্ণার গাওয়া ‘কষ্ট পেতে ভালোবাসি’ নিয়ে শ্রোতাদের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। একদল তার গায়কী ও ভিন্নধর্মী সংগীতায়োজনের প্রশংসা করেছেন। অন্যদিকে কেউ কেউ মনে করছেন, মূল গানের আবহের সঙ্গে নতুন সংস্করণের পার্থক্য বেশি হওয়ায় তাদের কাছে গানটি প্রত্যাশিত মনে হয়নি।
তবে নানা মতের মধ্যেও ‘উত্তরাধিকার’ অ্যালবামের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইয়ুব বাচ্চুর ভক্তরা। প্রযোজনা প্রতিষ্ঠান ‘এবি কিচেন’-এর এই আয়োজনের মাধ্যমে প্রিয় শিল্পীর গান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি তার স্মৃতি সংরক্ষণের উদ্যোগকেও প্রশংসা করছেন তারা।
জানা গেছে, ‘উত্তরাধিকার’ অ্যালবামে বিভিন্ন ব্যান্ডের মধ্যে গান করেছে দলছুট, আরবোভাইরাস, সোনার বাংলা সার্কাস, শুভযাত্রা, ক্যালিপসো, রকসল্ট, ডোপামিন ও এ কে রাহুল। একক শিল্পীদের মধ্যে রয়েছেন বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলী, চন্দন জামান আলী-মেনন, কানিজ সুবর্ণা, সাজ্জাদ, পলাশ, জয় শাহরিয়ার, অদিত, বখতিয়ার হোসেন, আতিকা ইয়ামিন ও অটামনাল মুন।
মূলত আইয়ুব বাচ্চুর জন্মদিনকে ঘিরে বিশেষ কিছু করার ভাবনা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত গিটার, পোশাকসহ বিভিন্ন স্মৃতিচিহ্ন সংরক্ষণের যে স্বপ্ন রয়েছে, এই আয়োজনের মাধ্যমে সেটিও এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।



























