ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি
কুষ্টিয়া মেডিকেল কলেজের ‘মেডিসিন ক্লাব’-এর উদ্যোগে এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রক্তিমা, গ্রীন ভয়েস ও তারুণ্যের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ফ্রি হেলথ ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচতলায় এ কর্মসূচি শুরু হয়। ক্যাম্পে বিনামূল্যে ডার্মাটোলজি, মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শের পাশাপাশি ব্লাড গ্রুপিং, রক্তচাপ ও ব্লাড সুগার পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডা. মো. সিরাজুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এবং কুষ্টিয়া মেডিসিন ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, এ কার্যক্রমের মূল উদ্দেশ্য অসহায় ও চিকিৎসাপ্রত্যাশী রোগীদের জীবন বাঁচাতে রক্তদানের মাধ্যমে সহযোগিতা করা। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রয়োজনেও কুষ্টিয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উপাচার্য আরও বলেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের শিক্ষার পাশাপাশি মানবতার সেবায় এগিয়ে আসার সুযোগ পাবে। এতে তাদের মেধা ও মনন দেশ ও জাতির কল্যাণে কাজে লাগবে।
মেডিসিন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সম্প্রতি চালু হওয়ায় সেখানে রক্তের চাহিদা বেড়েছে। সেই চাহিদা পূরণে এ রক্তদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আকিব হাসান
ইসলামী বিশ্ববিদ্যালয়

























