পত্নীতলায় ডিবির অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
নওগাঁর পত্নীতলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধারসহ রিফাত হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৮ আগস্ট ২০২৬ তারিখে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল পত্নীতলা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল জানতে পারে, উপজেলার আমাইর ছয়ঘাটি পাড়া এলাকায় একটি বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এর ভিত্তিতে ওইদিন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে আমাইর ছয়ঘাটি পাড়া এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে রিফাত হোসেন (২৫), পিতা—আঃ রাজ্জাক, মাতা—রোমেলা বেগম, গ্রাম—আমাইর ছয়ঘাটি পাড়া, থানা—পত্নীতলা, জেলা—নওগাঁকে আটক করা হয়।
পরে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয়দের উপস্থিতিতে অপর একটি বাড়ির শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে আরও ১ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
























