একঝাঁক বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ, নতুন স্বপ্ন USWAT
পাবলিক লাইব্রেরিকে পাঠকবান্ধব ও আধুনিক করতে উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছে সংগঠনটি
সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ইউনিভার্সিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব তারাগঞ্জ (USWAT)। সংগঠনটির প্রথম কর্মসূচি হিসেবে তারাগঞ্জ পাবলিক লাইব্রেরিতে বিভিন্ন শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক বই-সাময়িকী উপহার দিয়েছেন। একই সঙ্গে লাইব্রেরি প্রাঙ্গণে সৌন্দর্যবর্ধনকারী বাগানবিলাসের চারারোপণ করেছেন।
কর্মসূচিতে USWAT-এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAUST) এবং সহোমেক শাখার সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
অনুষ্ঠানে তারাগঞ্জ পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে USWAT-এর দেওয়া বই ও সাময়িকী গ্রহণ করেন মোহাম্মদ ক্লিনটন শিহাব ও মনজিল হোসেন।
উপহার হিসেবে দেওয়া বইয়ের মধ্যে ছিল এপিজে আবদুল কালামের আত্মজীবনী ‘উইংস অব ফায়ার’ ‘আমরা বড় হতে চাই’ এবং ‘নেক্সট জেন মার্কেটিং’। পাশাপাশি কিশোরদের পাঠাভ্যাস ও জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে ‘কিশোর আলো’ ২ কপি, ‘কিশোর কণ্ঠ’ ৮ কপি এবং ‘ষোলো’ ২ কপি দেওয়া হয়। এ ছাড়া ইংরেজি ভাষার ম্যাগাজিন ‘ইউথ ওয়েভ’ এবং বিজ্ঞানবিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন ‘ব্যাপন’-ও লাইব্রেরিতে প্রদান করা হয়।
কর্মসূচি থেকে তারাগঞ্জ পাবলিক লাইব্রেরিকে আরও পাঠকবান্ধব, সমৃদ্ধ ও আধুনিক পাঠাগার হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করা হয়। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিত্তশালী ব্যক্তি ও সচেতন নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে লাইব্রেরির উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানায় USWAT।
সংগঠনটির সদস্যরা বলেন, একটি সমৃদ্ধ পাঠাগার একটি এলাকার শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জ্ঞানচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হতে পারে। তাই তারাগঞ্জ পাবলিক লাইব্রেরিকে আরও প্রাণবন্ত ও শিক্ষার্থীবান্ধব করে গড়ে তুলতে ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

























