তেঁতুলিয়া বাজারে মাদক ও অনলাইন জুয়াবিরোধী অভিযান।
মাদক, অনলাইন জুয়া ও সব ধরনের অন্যায়-অপরাধ থেকে এলাকাকে সুরক্ষিত রাখতে ময়মনসিংহের তেঁতুলিয়া বাজারে মাদকবিরোধী ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন এসআই বিপ্লব ও পুলিশ সদস্য সোহেল। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অভিযানে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিজভী সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম দিদার, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য মনির সরকার, নান্নু সরকার, ডাক্তার হাবি, ডাক্তার রতন, সাজু আর্মী, মনসুর আর্মী, আবুল কালামসহ তেঁতুলিয়া বাজারের সকল ব্যবসায়ী ও স্থানীয়রা।
এ সময় মাদক সেবন ও বিক্রি, অনলাইন জুয়া এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে স্থানীয়দের সচেতন করা হয়। পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, তেঁতুলিয়া বাজার ও আশপাশের এলাকাকে মাদক, অনলাইন জুয়া এবং সব ধরনের অন্যায় কর্মকাণ্ড থেকে মুক্ত রাখতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দেখা গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নয়, স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সচেতনতা এবং সম্মিলিত প্রতিরোধের মাধ্যমেই মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

























