বাংলাদেশের বিপক্ষে ঢাকায় প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিলের প্রস্তাব
বাংলাদেশের মাটিতে ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) প্রস্তাব দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
তবে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের প্রস্তাব গ্রহণ করলে কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর পুরো দলকে ঢাকা আনার বিমান খরচ বহন করতে হবে বাংলাদেশকে।
এ ছাড়া বাংলাদেশে অবস্থানকালে ব্রাজিল দলের থাকা-খাওয়া ও স্থানীয় যাতায়াতের খরচও বাফুফেকেই বহন করতে হবে। প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা থেকে দুবাই পর্যন্ত ব্রাজিল দলের যাত্রার খরচও বাংলাদেশকে বহন করতে হতে পারে।
তবে ব্রাজিলকে ম্যাচ ফি দিতে হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি। ফলে ম্যাচটি আয়োজন করতে বাফুফের মোট কত টাকা ব্যয় হবে, সেটিও এখনো নির্ধারিত হয়নি।
ব্রাজিলের প্রস্তাব অনুযায়ী, আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে পারে তারা। এরপর সেখান থেকে ঢাকায় এসে ৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশে আসার সময় ব্রাজিলের প্রায় ৯০ সদস্যের একটি বহর থাকতে পারে।
ইতোমধ্যে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। তারা স্টেডিয়ামের মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেন।
পরে রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা। তাদের এই সফর ও প্রাথমিক আলোচনা বাংলাদেশের মাটিতে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
সবকিছু চূড়ান্ত হলে দীর্ঘদিন পর বাংলাদেশের দর্শকরা ঢাকার মাঠে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের জাতীয় দলকে সরাসরি দেখার সুযোগ পেতে পারেন।

























