সিলেটে বাসের চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত ১, আহত ৩
সিলেটে গেইটলক বাসের চাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল গ্যাস ফিল্ডস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুসরাত তাসনিম ঢাকার যাত্রাবাড়ীর ধলাইপাড় এলাকার বাসিন্দা। আহতরা হলেন—মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) ও কুলসুম বেগম (৫৫)। তারাও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী তার বোন ও ভাগ্নিদের নিয়ে ঢাকা থেকে সিলেটের জাফলংয়ে বেড়াতে আসেন। সোমবার সকালে তারা একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে জাফলংয়ের উদ্দেশে রওনা দেন। পথে সকাল সাড়ে ১১টার দিকে চিকনাগুল গ্যাস ফিল্ডস এলাকায় পৌঁছালে সিলেট গামী একটি গেটলক বাস অটোরিকশাটিকে চাপা দেয়।
এ সময় অটোরিকশায় থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই নুসরাত তাসনিমের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার ও কুলসুম বেগম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, নিহত কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


























