মাদক সেবনের সংবাদ প্রকাশের করায় নীলফামারীতে সাংবাদিকের ওপর হামলা
নীলফামারীতে মাদক সেবনের সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। সোমবার দৈনিক বাংলাদেশ সময়’ পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি লিটন সরকারের ওপর এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত অ্যাডভোকেট বিপ্লবের মদদ পুষ্ট একদল সন্ত্রাসী এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে। হামলায় গুরুতর আহত সাংবাদিক লিটন সরকারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি অ্যাডভোকেট বিপ্লবের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন দৈনিক ‘বাংলাদেশ সময়’ পত্রিকায় প্রকাশ করেন সাংবাদিক লিটন সরকার। সংবাদটি প্রকাশের পর থেকেই অ্যাডভোকেট বিপ্লব ও তার অনুসারীরা ওই সাংবাদিকের ওপর চরম ক্ষুব্ধ হন এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।এরই জেরে গতকাল ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হঠাৎ সাংবাদিক লিটন সরকারের ওপর চড়াও হয় এবং তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এদিকে সাংবাদিকের ওপর এই বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে নীলফামারীর সাংবাদিক সমাজসহ স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। ঘটনার পর পরই স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ এক জরুরী প্রতিবাদ সভায় মিলিত হন। সভা থেকে সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল।সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে মূল পরিকল্পনাকারী অ্যাডভোকেট বিপ্লবসহ হামলার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।এ বিষয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি তারা অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকাটিতে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।






















