এনসিপির জোট ছাড়ার প্রশ্নই ওঠেনি: শফিকুর রহমান
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বেরিয়ে যাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, এটি এনসিপি বা জামায়াত—কারও এজেন্ডা নয়।
মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয় পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সেখানে চলমান ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানে যোগ দেন শফিকুর রহমান।
তিনি বলেন, ‘এটা এনসিপিরও এজেন্ডা না, আমাদেরও এজেন্ডা না। মানে যার বাড়িতে বিয়ে তার কোনো ঠেকা নাই, আর পাড়া-পড়শির ঘুম নাই—এ রকম আরকি বিষয়টা।’
জামায়াতের আমির বলেন, ‘আমরা তো সেই অর্থে কোনো ফরমাল জোট না। আমরা একটা নির্বাচনি ঐক্য করেছি। আর এখন জনগণের স্বার্থে আমরা একসঙ্গে আন্দোলন চালিয়ে যাচ্ছি।’
১১ দলীয় ঐক্য থেকে দুটি দল বেরিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, জোটে মতপার্থক্য থাকতেই পারে। তার রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, প্রথমে চার দল ছিল। পরে ১৮ দল, এরপর ২০ দল এবং একপর্যায়ে ২৭ দলও ছিল। তবে এটিকে ২০ দলীয় ঐক্যজোট হিসেবেই পরিচিত করা হতো।
তিনি বলেন, ‘আমরা তো কাউকে আসলে জোর খাটাতে পারি না। এ অধিকার আমাদের নাই। গণতন্ত্রে তার প্ল্যাটফর্ম চয়েস করার অধিকার প্রত্যেকেরই থাকবে।’
তবে দেশের বৃহত্তর স্বার্থে ১১ দলীয় ঐক্যকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
ছায়া মন্ত্রিসভা নিয়ে হোমওয়ার্ক শুরু
ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে শফিকুর রহমান বলেন, এ নিয়ে তারা ‘হোমওয়ার্ক’ শুরু করেছেন। শরিক দলগুলোর সম্ভাবনাময় ব্যক্তিদের পাশাপাশি দেশ-বিদেশে থাকা যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদেরও এতে যুক্ত করা হবে।
তিনি বলেন, ‘এরা দুনিয়ার যেকোনো জায়গায় থাকলেও আমাদের সেই ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসব।’
অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমানসহ এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তি ও নারীশক্তির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।























