বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, সরকারি তিতুমীর কলেজ শাখার উদ্যোগে ‘লেখালেখি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, সরকারি তিতুমীর কলেজ শাখার আয়োজনে তরুণদের লেখালেখিতে উদ্বুদ্ধ ও দক্ষ করে তুলতে এক বিশেষ ‘লেখালেখি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী, বিশিষ্ট কথাসাহিত্যিক এবং বর্তমানে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার রাব্বি হোসেন।
প্রশিক্ষণ সেশনে রাব্বি হোসেন পত্রিকা কলাম, ফিচার, সাহিত্য ও সৃজনশীল লেখালেখির বিভিন্ন গুরুত্বপূর্ণ কলাকৌশল ও নিয়মাবলি সহজ-সরল ভাষায় তরুণদের মাঝে তুলে ধরেন। তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনামূলক বক্তব্যে অংশগ্রহণকারীরা লেখালেখির মৌলিক ও প্রায়োগিক বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন।
কর্মশালায় শাখা সদস্যদের স্বতঃস্ফূর্ত ও উৎসুক অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন কিছু শেখার প্রবল আগ্রহ নিয়ে সদস্যরা প্রতিটি সেশনে সক্রিয় ভূমিকা পালন করেন, যা আয়োজকদের কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও গতিশীল করে তোলে।
আয়োজকদের আশা, এই ধরণের প্রশিক্ষণ কর্মশালা তিতুমীর কলেজ থেকে আগামীর সম্ভাবনাময় লেখক, কলামিস্ট ও সাংবাদিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তরুণদের কলমে উঠে আসবে সমাজ ও দেশ গঠনের ইতিবাচক বার্তা।



























