বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায়: পানিসম্পদমন্ত্রী
বিরোধী দল আন্দোলনের মাধ্যমে বিএনপিকে জিম্মি করতে চায় বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, আন্দোলন করে বিএনপিকে দুর্বল করার সুযোগ বিরোধী দলকে দেওয়া হবে না। দেশের উন্নয়ন ও স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফের ‘বি স্ট্রং’ প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘হাসিনা যেভাবে ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিল, পরে ১৭ বছর দেশের ১২টা বাজিয়ে দিয়েছে। এখন বিরোধী দল মনে করছে, আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে যাবে, তারেক রহমান দুর্বল হয়ে যাবেন, মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে যাবেন। সেই সুযোগে মা-বোনেরা বাধ্য হয়ে ভোট দিয়ে তাদের ক্ষমতায় আনবে। সেই সুযোগ দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘বিরোধী দল লংমার্চ দিয়েছে, আবার বলছে আন্দোলন করবে। বাংলাদেশ যদি আন্দোলনের ওপর থাকে, তাহলে এলাকার উন্নয়ন হবে না। এই আন্দোলন এলাকার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি।’
দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে উল্লেখ করে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমাদের সঙ্গে আরেকটি পক্ষ ভোট করেছে, তারা বিরোধী দল। আমরা যেদিন শপথ নিয়েছি, তারা সেদিন উপস্থিতও হয়নি, আমাদের সহযোগিতাও করেনি। এখন পর্যন্ত তারা বলছে আন্দোলন করবে।’
তিনি আরও বলেন, ‘হাসিনার বিরুদ্ধে আমরা ১৭ বছর আন্দোলন করেছি। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছে, দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলো এই অর্জনকে সুরক্ষা করা এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এজন্য বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।’
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া এবং চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীরসহ অনেকে।


























