ঠাকুরগাঁও-১ আসনে আবারও দেলাওয়ার হোসেনকে প্রার্থী করল জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেলাওয়ার হোসেন। একই সঙ্গে ১১ দলীয় জোটও তাকে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁওয়ে জামায়াতের জেলা কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীলদের সমাবেশে প্রার্থীর নাম প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
দলীয় রাজনীতিতে দেলাওয়ার হোসেনের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। বর্তমানে তিনি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একসময় তিনি ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বও পালন করেন।
এর আগে জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।
প্রার্থী ঘোষণার পর মাওলানা আব্দুল হালিম বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলনের সুযোগ তৈরি হয়। গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে ১১ দলীয় জোটের মধ্যে হওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেলাওয়ার হোসেনকে জোটের প্রার্থী করা হয়েছে।


























