বালিয়াডাঙ্গী সীমান্তে চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তবর্তী এলাকায় চা-বাগান, চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নিটোলডোবা এলাকায় চা-বাগান পরিদর্শনের মধ্য দিয়ে তার সফর শুরু হয়। পরে তিনি হরিণমারী এলাকার গ্রিন ফিল্ড টি স্টেট লিমিটেড পরিদর্শন করেন।
সফরকালে রাষ্ট্রদূত হরিণমারীর ঐতিহ্যবাহী আমগাছ ঘুরে দেখেন। দীর্ঘদিনের ঐতিহ্য বহনকারী এই আমগাছ সম্পর্কে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন তথ্যও জানতে চান তিনি।
এরপর রাষ্ট্রদূত গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন। সেখানে চা-পাতা সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও চা উৎপাদনের বিভিন্ন ধাপ সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে বালিয়াডাঙ্গীর সমতল ভূমিতে চা শিল্পের সম্ভাবনা ও স্থানীয় অর্থনীতিতে এর ভূমিকা সম্পর্কেও অবহিত হন।
পরিদর্শনকালে চা-বাগানের প্রাকৃতিক পরিবেশ ও চা শ্রমিকদের কার্যক্রম ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। স্থানীয় চা শিল্পের অগ্রগতি ও উৎপাদন ব্যবস্থাপনা সম্পর্কেও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস, বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী ফয়জুল ইসলাম হিরুসহ প্রশাসনের কর্মকর্তা, চা-বাগান সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে বালিয়াডাঙ্গী সীমান্ত এলাকায় নেওয়া হয় বিশেষ নিরাপত্তাব্যবস্থা। তার নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময় ও পরিদর্শনের মধ্য দিয়ে বালিয়াডাঙ্গীর চা শিল্প, ঐতিহ্যবাহী স্থাপনা এবং সীমান্তবর্তী এলাকার বিভিন্ন সম্ভাবনা সম্পর্কে ধারণা নেন মার্কিন রাষ্ট্রদূত।
























