আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি
আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি।
তিনি বলেন, ‘সময় খুব কম বাকি আর প্রতিটি অধ্যায় ধীরে ধীরে শেষ হচ্ছে; এটি তেমনই একটি অধ্যায়, যা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি ভালোবাসতাম, ভালোবাসি এবং সারাজীবন জাতীয় দলে থাকাকে ভালোবাসব। আমি নিজেকে শূন্য করে দিয়েছি, আমার আর দেওয়ার মতো কিছুই নেই।’
তরুণ খেলোয়াড়দের প্রসঙ্গে মেসি বলেন, ‘পেছনে অনেক তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় আসছে, যাদের এখানে থাকার যোগ্যতা রয়েছে।’
দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের ভালোবাসার কথাও স্মরণ করেন তিনি। মেসি বলেন, ‘বিগত ২০ বছরের এই সমস্ত ভালোবাসার জন্য আপনাদের ধন্যবাদ। ভেতর থেকে (মাঠ থেকে) আপনাদের সমবেত কণ্ঠ শোনা আমি খুব মিস করব। এখন থেকে আমি হব আপনাদেরই একজন। এখন বাইরে থেকে সবসময় সমর্থন ও উৎসাহ জুগিয়ে যাব।’
পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘সব সময় পাশে থাকার জন্য এবং এই এত সুন্দর কিন্তু কঠিন সফরে আমার সঙ্গী হওয়ার জন্য আমার পরিবারকে ধন্যবাদ।’
কোচ, সতীর্থ ও কর্মকর্তাদেরও ধন্যবাদ জানিয়েছেন মেসি। তিনি বলেন, ‘চমৎকার সব স্মৃতি ও অবিস্মরণীয় মুহূর্তগুলো আমি সঙ্গে নিয়ে যাচ্ছি।’
সবশেষে মেসি বলেন, ‘আমি এই শান্তি ও গর্ব নিয়ে যাচ্ছি যে, আমার সতীর্থদের সঙ্গে মিলে আপনাদের স্বপ্নের সব মুহূর্ত উপহার দিতে পেরেছি। আপনাদের সঙ্গে এই জীবনটা কাটানো সত্যিই এক রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। আপনাদের আমি ভালোবাসি!’
‘আমাকে আর্জেন্টাইন হিসেবে সৃষ্টি করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর্জেন্টিনা এগিয়ে চলো।’














