জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে এনসিপি: আখতার হোসেন
জনগণের ভোগান্তি নিরসন ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লং মার্চে অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৫ সেপ্টেম্বর এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সারের সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনগণ ভোগান্তিতে রয়েছে।
আখতার হোসেন অভিযোগ করেন, সরকার গত ছয় মাসে জনগণের এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। গ্রামাঞ্চলে দীর্ঘ সময় লোডশেডিং, সার সংকট এবং গ্যাসের অভাবে শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও রাহাজানির ঘটনা ঘটছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, জনগণের দাবি সংসদে তুলে ধরার পাশাপাশি ১১ দলীয় ঐক্য দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের ভোগান্তির কথা তুলে ধরবে। লং মার্চের মাধ্যমে জনগণের দাবিগুলো সরকারের কাছে আরও জোরালোভাবে তুলে ধরা হবে।
এনসিপির সদস্য সচিব বলেন, সরকারকে সময় দিতে তারা প্রস্তুত; তবে সেই সময় জনগণের কল্যাণে ন্যায্যভাবে কাজে লাগাতে হবে।

























