সেনবাগ পাঠাগার কর্তৃক কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সেনবাগ পাঠাগার অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত
সেনবাগ পাঠাগারের উদ্যোগে “এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও সেনবাগ পাঠাগার অ্যাওয়ার্ড-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
১২ই সেপ্টেম্বর রোজ শনিবার ১১ ঘটিকার সময় সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে সেনবাগ উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৩ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদানের পাশাপাশি তাদের হাতে নগদ বৃত্তি তুলে দেওয়া হয় এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার সম্পর্কে ক্যারিয়ার গাইডলাইন ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশ ও উপদেষ্টা, সেনবাগ পাঠাগার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আব্দুল কাইয়ুম মাসুদ, ডিন, ব্যবসায় শিক্ষা অনুষদ ও প্রভোস্ট, আব্দুল মালেক উকিল হল এবং উপদেষ্টা, সেনবাগ পাঠাগার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ পাঠাগারের উপদেষ্টা জাহাঙ্গীর আলম মানিক ও সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাকালীন সভাপতি রফিকুল ইসলাম রবি এবং শুভাকাঙ্ক্ষী মওদুদ আহমেদ সাকিল চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনে আরও বড় স্বপ্ন দেখার ও তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। একই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা অর্জন, সময়ের সদ্ব্যবহার, নিয়মিত বই পড়া এবং নিজেদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এসময়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক হায়দার হাসান, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান মাহমুদ ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান।
সেনবাগ পাঠাগারের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান, তাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সঠিক দিকনির্দেশনা দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন। তরুণ প্রজন্মকে জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও মানবিক মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে সেনবাগ পাঠাগারের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৩ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি সেনবাগের শিক্ষাঙ্গনে একটি অনুপ্রেরণামূলক ও স্মরণীয় আয়োজন হিসেবে পরিগণিত হয়।
























