কলমাকান্দায় প্রস্তাবিত জোড়া সেতুর স্থান পরিদর্শনে প্রকল্প পরিচালক: দ্রুত বাস্তবায়নের আশ্বাস
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনা ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কলমাকান্দা উপজেলার মহাদেও ও গণেশ্বরী নদীতে প্রস্তাবিত দুটি সেতুর স্থান পরিদর্শন করেছেন প্রকল্প পরিচালক (পিডি) মাসুম সারওয়ার।আজ ১৩ সেপ্টেম্বর
রোববার তিনি সরেজমিনে প্রস্তাবিত সেতু দুটির সম্ভাব্য নির্মাণস্থল, নদীর বর্তমান অবস্থা ও আশপাশের বিদ্যমান যোগাযোগব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
ডেপুটি স্পিকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ঘোষিত প্রধান চারটি সেতুর মধ্যে কলমাকান্দার এই দুটি সেতুর নির্মাণ কাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমানে প্রকল্প দুটির টেন্ডার (দরপত্র) প্রক্রিয়া চলমান রয়েছে।
পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক মাসুম সারওয়ার জানান, ডেপুটি স্পিকারের বিশেষ উদ্যোগে এই পরিদর্শন পরিচালিত হয়েছে। সেতু দুটি নির্মিত হলে সীমান্তবর্তী দুর্গম এলাকার যোগাযোগব্যবস্থা বহুলাংশে সহজ হবে এবং সীমান্ত সড়কের সার্বিক উন্নয়নে এটি যুগান্তকারী ভূমিকা রাখবে। সরেজমিন পর্যালোচনার প্রতিবেদন তৈরি করে দ্রুত পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।
পরিদর্শনকালে রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল পাঠান, লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, খারনই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, লেংগুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় অধিবাসীদের মতে, সীমান্ত এলাকার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই সেতু দুটি নির্মিত হলে কলমাকান্দায় যোগাযোগ বিপ্লব ঘটবে। এতে কৃষিপণ্য দ্রুত পরিবহন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদারের পাশাপাশি অঞ্চলের পর্যটন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।

























