২ কোটি বাজেটের সিনেমার আয় ছাড়াল ২০০ কোটি রুপি
মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমা ‘হনুমান অংশ’ বক্স অফিসে অবিশ্বাস্য সাফল্য পেয়েছে। ৭ আগস্ট মুক্তির পর মুক্তির ৩৬তম দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ২০০ কোটি রুপির মাইলফলক ছাড়িয়েছে। ফলে এটি ভারতের সবচেয়ে কম বাজেটে ২০০ কোটি রুপি আয় করা সিনেমা হিসেবে আলোচনায় এসেছে।
বিশাল চতুর্বেদী পরিচালিত সিনেমাটি মুক্তির ষষ্ঠ সপ্তাহেও দারুণ ব্যবসা করছে। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ৩৬তম দিনে শুক্রবার ভারতে সিনেমাটি আয় করেছে ১০ কোটি ৫০ লাখ রুপি। মুক্তির পর এক দিনে এটিই সিনেমাটির সর্বোচ্চ আয়।
শুক্রবারের দৈনিক আয়ের তালিকায়ও শীর্ষে ছিল ‘হনুমান অংশ’। একই দিনে ‘মির্জাপুর: দ্য মুভি’ আয় করেছে ৯ কোটি ৫০ লাখ রুপি। আর সাইফ আলী খান ও অক্ষয় কুমার অভিনীত ‘হাইওয়ান’ মুক্তির প্রথম দিনে আয় করেছে ৩ কোটি রুপি।
মুক্তির ৩৭তম দিনে সিনেমাটির ২ হাজার ৬৩৭টি শো চলেছে। ওই দিন এখন পর্যন্ত এর আয় ২ কোটি ২৫ লাখ রুপি বলে জানিয়েছে স্যাকনিল্ক।
তবে মুক্তির শুরুটা ছিল একেবারেই হতাশাজনক। ৭ আগস্ট প্রথম দিনে সিনেমাটি আয় করেছিল মাত্র ১০ লাখ রুপি। প্রথম দুই সপ্তাহ শেষে ভারতে মোট আয় দাঁড়ায় ১ কোটি ৪৮ লাখ রুপি। এরপর ১৬তম দিন থেকে দর্শকের মুখে মুখে সিনেমাটির প্রচার বাড়তে থাকে। আর সেখান থেকেই বক্স অফিসে শুরু হয় অপ্রত্যাশিত উত্থান।
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সপ্তাহে উল্লেখযোগ্য ব্যবসা করে সিনেমাটি। শুধু চতুর্থ সপ্তাহেই আয় করে ৬১ কোটি রুপি। পঞ্চম সপ্তাহে আয় বেড়ে দাঁড়ায় ৯০ কোটি রুপিতে।
এখন পর্যন্ত ভারতের বাজারে সিনেমাটির আয় ১৭৫ কোটি ৮৮ লাখ রুপি। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২০৭ কোটি ৮১ লাখ রুপি। উল্লেখযোগ্য বিষয় হলো, বিদেশের বাজারে মুক্তির আগেই এই আয় করেছে সিনেমাটি।
মাত্র ২ কোটি রুপি বাজেটের বিপরীতে এমন আয় সিনেমাটিকে বিনিয়োগের তুলনায় আয়ের দিক থেকেও ব্যতিক্রমী সাফল্য এনে দিয়েছে। কম বাজেটে বড় সাফল্য পাওয়া সিনেমার তালিকায় এর আগে ‘দ্য কাশ্মীর ফাইলস’ আলোচনায় ছিল। ১৫ কোটি রুপি বাজেটের সেই সিনেমার তুলনায় ‘হনুমান অংশ’-এর বিনিয়োগের বিপরীতে রিটার্ন আরও বেশি।
নিম করোলি বাবা, ভক্তদের কাছে ‘মহারাজ জি’ নামে পরিচিত, তাঁর জীবন ও আধ্যাত্মিক শিক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। নিম করোলি বাবার চরিত্রে অভিনয় করেছেন শোবিনাভ সত্যা। গল্পের অন্য একটি সময়ে মহারাজ জির চরিত্রে দেখা গেছে ভিহান শেডগেকে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চন্দন আনন্দ, পূর্ণিমা তিওয়ারি, অনিল কে রাস্তোগি ও গুলশান পাণ্ডেসহ অনেকে।
সূত্র: ইন্ডিয়া টুডে



























