জোরারগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ বাইক
চট্টগ্রামের জোরারগঞ্জে পুলিশি অভিযানে মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— পূর্ব অলিনগরের মোঃ জামসেদ হোসেন ওরফে শুভ (২৩) ও মোঃ শরিফুল ইসলাম ওরফে জনি (২৬), বারইয়ারহাট পৌরসভার সাইফুল ইসলাম ওরফে চাঁদ মিয়া (২০), ধুম এলাকার আসিফ মাহমুদ ওরফে অভি (২৪) ও ইসমাইল হোসেন (১৮) এবং দেওখালীর মোঃ মাশরাফি (২০)।
পুলিশ জানায়, রবিবার ভোরে চোর চক্রের সদস্যরা চোরাই বাইক বিক্রির উদ্দেশে ঘোরাঘুরি করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে ও এসআই মোঃ মনির আহম্মদের পরিচালনায় ৪নং ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে শুভ ও জনিসহ চক্রের ৬ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি R15 মোটরসাইকেল ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড় ১১টার দিকে ১নং করেরহাট ইউনিয়নের ‘করেরহাট বাইক ল্যাব’ নামক একটি গ্যারেজে দ্বিতীয় দফায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও ১টি HERO ও ১টি PLATINA মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-২১, তারিখ: ১৩/০৯/২০২৬) দায়ের করা হয়েছে। চক্রের সাথে জড়িত অন্য আসামী ও বাকি চোরাই বাইক উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।






















