বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি মশার বংশবিস্তার রোধে বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে আগে থেকেই জনসচেতনতা বাড়াতে হবে। বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে।
পরিচ্ছন্নতা অভিযানে জেলা ছাত্রদলের সদস্য মুন্না ও রাহী, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ, সদস্যসচিব হোসেন সোহাগ, যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, জাহিদ, রাফি, জাকিরুল, সবুজ, হাসান ও নোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।























