সরকারি কাজে গতি ফেরাতে সচিবদের সক্রিয় হওয়ার নির্দেশ
সরকারি কাজে গতি ফেরাতে সচিবদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থ বা কাজে অবহেলা করা কর্মকর্তাদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে বিএনপি সরকারের প্রথম সচিব সভায় এসব বিষয়ে আলোচনা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সভায় সভাপতিত্ব করেন।
সভায় প্রশাসনকে আরও কার্যকর ও জনবান্ধব করার পাশাপাশি কর্মকর্তাদের পেশাগত উন্নয়ন ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রত্যেক সচিবকে কর্মকর্তাদের ক্যারিয়ার পরিকল্পনা প্রণয়নের বিষয়ে দ্রুত পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সব ধরনের দপ্তর ও কর্মস্থলে কর্মকর্তাদের কাজের উপযোগী পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিব সচিবদের বলেন, একটি কার্যকর ক্যারিয়ার প্ল্যান বা পেশাগত পরিকল্পনা ভবিষ্যৎ কর্মজীবনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ। কর্মকর্তাদের দক্ষতা ও পেশাগত উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রশাসন পরিচালনার নির্দেশনাও দেওয়া হয়।
সভায় আরও বলা হয়, আমলাতন্ত্রের কাঠামো ও কাজের ধরন পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত বাস্তবতায় কর্মকর্তাদের নতুন দক্ষতা অর্জন করতে হবে। এ জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। পাশাপাশি দাপ্তরিক কাজে প্রযুক্তির ব্যবহার বাড়াতে ডি-নথির ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। সচিবালয় নির্দেশমালা যথাযথভাবে মেনে চলার বিষয়েও সচিবদের সতর্ক করা হয়।
দায়িত্বে অবহেলায় প্রশাসনিক ব্যবস্থা
বৈঠকে কর্মকর্তাদের কর্মপরিবেশ ও জবাবদিহি নিয়েও আলোচনা হয়। বলা হয়, সব কর্মকর্তা সব ধরনের কর্মস্থলে কাজ করতে আগ্রহী নাও হতে পারেন। তবে সরকারের প্রতিটি দপ্তর ও সংস্থাকে কাজের উপযোগী করে তুলতে হবে।
কর্মকর্তাদের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী কাজের পরিবেশ তৈরির পাশাপাশি দায়িত্ব পালনে জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। কেউ সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না বা কাজে অবহেলা করছেন—এমন কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর
সচিব সভায় বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ খাতটির সার্বিক অবস্থা, চলমান কার্যক্রম ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। পরে অন্যান্য মন্ত্রণালয়ের সচিবরা নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের বর্তমান অবস্থা, সমস্যা ও অগ্রাধিকার সম্পর্কে সভাকে অবহিত করেন।
এ সময় সরকারি দপ্তরগুলোতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর নির্দেশ দেন মন্ত্রিপরিষদ সচিব।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান জানান, স্থানীয় সরকার বিভাগের দপ্তরগুলোতে প্রাথমিকভাবে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিগগির সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হবে।
শূন্য পদ পূরণে ‘ক্রাশ প্রোগ্রাম’
দীর্ঘদিন ধরে শূন্য থাকা সরকারি পদগুলো দ্রুত পূরণ করে প্রশাসনের কার্যক্রম গতিশীল করার বিষয়েও সভায় আলোচনা হয়েছে। দ্রুত নিয়োগ সম্পন্ন করতে সচিবদের ‘ক্রাশ প্রোগ্রাম’ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস-২০২৪’ অনুযায়ী, সব শ্রেণি মিলিয়ে বর্তমানে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। এর বিপরীতে শূন্য রয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ।
























