ভূমি অফিসে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে চালু হচ্ছে ‘জিও ফেন্সিং’ প্রযুক্তি
ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের প্রকৃত উপস্থিতি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালু করছে ভূমি মন্ত্রণালয়।
আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, মাঠ প্রশাসনের ভূমি কার্যালয়গুলোকে একই ডিজিটাল মনিটরিং কাঠামোর আওতায় আনা গেলে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ভূমিসেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা, তথ্যভিত্তিক তদারকি এবং নাগরিক সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের প্রকৃত উপস্থিতি নিশ্চিত এবং ভূমিসেবা কার্যক্রমের জবাবদিহিতা বাড়াতে প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে।
🔹 জিও ফেন্সিং প্রযুক্তিতে নির্ধারিত কর্মস্থলের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করলেই মোবাইল অ্যাপের মাধ্যমে হাজিরা নিবন্ধনের সুযোগ সক্রিয় হবে। ফলে কর্মস্থলের বাইরে অবস্থান করে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।
🔹 ইতোমধ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম—এই ৬ জেলায় পাইলটিং কার্যক্রম চলছে।
🔹 পাইলট প্রকল্পের আওতায় ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে এ ব্যবস্থার আওতায় আনা হয়েছে।
🔹 অ্যাপের মাধ্যমে কর্মস্থলে পৌঁছে চেক-ইন ও কর্মদিবস শেষে চেক-আউট করা যাবে। একই ব্যবস্থায় ছুটির আবেদনও দাখিল করা যাবে।
🔹 অফিস চলাকালীন কোনো কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে লাল সংকেত প্রদর্শিত হবে। তবে সভা, তদন্ত বা সরকারি প্রয়োজনে বাইরে যেতে হলে ‘সাইট ভিজিট’ অপশনে প্রস্থানের কারণ উল্লেখ করা যাবে।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি অফিসে নাগরিকরা সরাসরি উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের ভূমিসেবা গ্রহণ করেন। তাই মানসম্মত নাগরিক সেবা নিশ্চিত করতে সেবা প্রদানকারী কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত কর্মস্থলে উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাইলটিংয়ের অভিজ্ঞতা পর্যালোচনা করে প্রযুক্তিগত ও প্রশাসনিক চ্যালেঞ্জ চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধন ও উন্নয়ন করা হবে। এরপর পর্যায়ক্রমে দেশের বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি কার্যালয়গুলোকে এ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাইলটিং কার্যক্রম চলমান ৬ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।



























