লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের ব্যাপক হামলা
লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। টায়ার শহরের দক্ষিণে আল-কানতারা ও আল-মানসুরি এলাকায়ও হামলা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, আল-মানসুরি এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এর তীব্রতা আশপাশের কয়েকটি গ্রামেও অনুভূত হয়। একই সময়ে হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারী মেশিনগান দিয়ে গুলিবর্ষণ এবং শহরটিতে তীব্র কামান হামলা চালানো হয়।
বানি হাইয়ান ও কাফার তেবনিত এলাকার কাছ থেকেও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া বিন্ত জুবাইল জেলার বেইত লিফের কাছে ওয়াদি মাজলাম এবং নাবতিয়ের জাওতার আল-শারকিয়াহ এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এসব হামলার ঘটনায় লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী এলাকাগুলোতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
গত কয়েক মাস ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে স্থল ও বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী। এ সময় বিভিন্ন গ্রামে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং বাসিন্দাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করার অভিযোগও উঠেছে।
চলমান উত্তেজনার মধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় সংঘাত ও উত্তেজনা চলতে থাকায় লেবানন-ইসরাইল সীমান্তের পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়ছে।



























