পটিয়ায় নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য প্রতিরোধে মাঠে নামল বিএনপি
চট্টগ্রামের পটিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ‘নৈরাজ্য, নাশকতা ও অপতৎপরতার’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি থানার মোড়সহ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইনে তার বিচার হবে। তার বক্তব্যকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। কেউ এমনটি করার চেষ্টা করলে বিএনপিতে তাদের জায়গা হবে না।
পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের, মোজাম্মেল হক, মোরশেদুল শফি, চেয়ারম্যান শফিকুল ইসলাম, মফজল আহমদ চৌধুরী, আবুল কাসেম, আবদুল মাবুদ, ওহিদুল আলম পিবলু, হাবিবুর রহমান রিপন, মীর জাকের, নাছির উদ্দিন, বুলবুল আহমদ নান্নু, আলমগীর, আবদুল মান্নান ও গিয়াস উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

























