শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি
মাঠের বাইরেও মানবিক কর্মকাণ্ডের জন্য নিয়মিত আলোচনায় আসেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। এবার শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অনুদান দেওয়ার খবর এসেছে তার নামের সঙ্গে।
ফরাসি সংবাদমাধ্যম ফুট মার্কেতোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য একটি হাসপাতাল কমপ্লেক্স নির্মাণে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন মেসি।
বার্সেলোনার সান্ত জোয়ান দে দেউ কেন্দ্রে নির্মাণাধীন এই কমপ্লেক্সে বছরে অন্তত ৪০০ শিশুর চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্যানসার আক্রান্ত শিশুদের বিভিন্ন চিকিৎসাসেবা একই স্থানে এনে সমন্বিত চিকিৎসা নিশ্চিত করাই প্রকল্পটির মূল লক্ষ্য।
শিশুদের স্বাস্থ্য নিয়ে মেসির দাতব্য কার্যক্রম অবশ্য নতুন নয়। তার ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তা, আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায় সহযোগিতা।
এ ছাড়া ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও দীর্ঘদিন ধরে শিশুদের স্বাস্থ্য ও কল্যাণ নিয়ে কাজ করছেন মেসি। ফুটবলের বাইরেও তার এসব উদ্যোগ বিভিন্ন মানবিক প্রকল্পে শিশুদের সহায়তায় ভূমিকা রাখছে।
সূত্র: ফুট মার্কেতো


























