পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে খাগড়াছড়িতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল-সমাবেশ
দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর নোমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতা বজায় রাখতে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন তারা।


























