ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে স্পেনের দাপুটে জয়
উয়েফা নেশনস লিগে দাপুটে জয় দিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্পেন। র্যামন সানচেজ স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। জোড়া গোল করেছেন লামিন ইয়ামাল। একটি করে গোল করেছেন মার্ক পিউবিল ও নিকো উইলিয়ামস।
আগের ম্যাচে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারানো স্পেন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। কিক-অফের মাত্র ৭০ সেকেন্ডেই ইয়ামালের গোলে এগিয়ে যায় তারা।
মার্ক কুকুরেয়া ও আলেক্স বায়েনার সমন্বয়ে তৈরি আক্রমণে বল পান ফেরমিন লোপেস। নিজে শট না নিয়ে তিনি বল ছেড়ে দেন ডান প্রান্ত থেকে ভেতরে ঢুকে আসা ইয়ামালের জন্য। নিচু শটে বল জালে পাঠিয়ে স্পেনকে এগিয়ে দেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
২৮ মিনিটে ম্যাচে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। বাঁ প্রান্ত থেকে ইভান পেরিসিচের নিখুঁত ক্রসে স্পেনের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে উঠে হেডে গোল করেন ডিওন দ্রেনা বেল্লো।
তবে তিন মিনিট পরই আবার এগিয়ে যায় স্পেন। শর্ট কর্নার থেকে ফেরমিন লোপেসের সঙ্গে ওয়ান-টু করে বক্সে বল পাঠান ইয়ামাল। সেই ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান মার্ক পিউবিল।
বিরতির আগে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল স্পেন। তবে বক্সের ভেতর থেকে ফেরমিন লোপেসের বাঁকানো শট পোস্টে লেগে ফিরে আসায় গোল হয়নি।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে ক্রোয়েশিয়া। কিন্তু স্পেনের আক্রমণের ধার কমেনি। ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়ামাল। পেদ্রির দুর্দান্ত থ্রু পাস ধরে বক্সে ঢুকে কঠিন কোণ থেকে বাঁ পায়ের শটে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি।
জোড়া গোলের পর ৬৮ মিনিটে ইয়ামালকে তুলে নেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। মাঠ ছাড়ার সময় স্ট্যান্ডিং ওভেশন পান বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড। আন্তর্জাতিক বিরতিতে স্পেনের হয়ে দুই ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে চারটি গোলে অবদান রাখলেন তিনি।
শেষদিকে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে স্পেন। ৮১ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে মাঠে নামেন ৪১ বছর বয়সী লুকা মদরিচ। তবে তার অভিজ্ঞতাও দলকে ম্যাচে ফেরাতে পারেনি।
বরং ৮৯ মিনিটে ব্যবধান ৪-১ করেন নিকো উইলিয়ামস। রদ্রি, পেদ্রি ও মিকেল মেরিনোর সমন্বয়ে তৈরি আক্রমণ থেকে বল পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন তিনি। গোলরক্ষকের সামনে ঠান্ডা মাথায় বল জালে পাঠান উইলিয়ামস।
মজার বিষয়, স্পেনের চতুর্থ গোলের সঙ্গে জড়িত চার খেলোয়াড়ই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন।
টানা দুই জয়ে নেশনস লিগ শুরু করা স্পেন আগামী ৩ অক্টোবর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামবে। একই দিনে ক্রোয়েশিয়া খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।
























