২২ বছর পর শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’
দীর্ঘ ২২ বছর ধরে বলিউড তারকাদের প্রেম, সম্পর্ক, ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কের সাক্ষী হয়ে থাকা জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’ এবার শেষ হতে যাচ্ছে। অনুষ্ঠানটির নির্মাতা ও উপস্থাপক করণ জোহর জানিয়েছেন, আসন্ন নবম মৌসুমই হবে শোটির শেষ মৌসুম।
আগামী ১৪ অক্টোবর থেকে ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে নবম মৌসুমের প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়েই ভারতীয় বিনোদনজগতের আলোচিত এই চ্যাট শোটির পর্দা নামবে।
বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর বলেন, ক্যারিয়ারের পরবর্তী সময়ে চলচ্চিত্র নির্মাণে আরও বেশি মনোযোগ দেওয়ার ইচ্ছা থেকেই অনুষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
করণ বলেন, বিনোদনজগতে তাঁর পরিচয়ের একটি বড় অংশজুড়ে রয়েছে ‘কফি উইথ করণ’। দেখতে দেখতে ২২ বছর পার হয়ে গেছে এবং এটি নবম মৌসুমে পৌঁছেছে—বিষয়টি তাঁর কাছেও অবিশ্বাস্য। আগামী এক দশক তিনি আরও বেশি চলচ্চিত্র নির্মাণ ও নতুন গল্প বলার কাজে সময় দিতে চান। এ কারণেই নবম মৌসুমকে শেষ মৌসুম হিসেবে বেছে নিয়েছেন তিনি।
শোটির বিদায়কে আবেগঘন ও ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে করণ বলেন, শেষবারের মতো তিনি সেই কাউচে বসবেন, যা দীর্ঘদিন ধরে খোলামেলা কথোপকথন, ব্যক্তিগত স্বীকারোক্তি ও বিতর্কের সঙ্গে যুক্ত হয়ে আছে। দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও স্মৃতিই এই অনুষ্ঠানের সবচেয়ে বড় উত্তরাধিকার হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
যেভাবে শুরু ‘কফি উইথ করণ’
২০০৪ সালে স্টার ওয়ার্ল্ড চ্যানেলে প্রথম প্রচারিত হয় ‘কফি উইথ করণ’। প্রথম পর্বের অতিথি ছিলেন শাহরুখ খান ও কাজল। এরপর অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই, সঞ্জয় লীলা বানসালিসহ বলিউডের বহু তারকা হাজির হন।
২০১৯ সাল পর্যন্ত স্টার ওয়ার্ল্ডে অনুষ্ঠানটির ছয়টি মৌসুম প্রচারিত হয়। পরে এটি ওটিটি প্ল্যাটফর্ম হটস্টারে স্ট্রিমিং শুরু করে।
দুই দশকের বেশি সময়ে তারকাদের বন্ধুত্ব, প্রেম, বিচ্ছেদ, বিয়ে ও নানা মন্তব্য নিয়ে ‘কফি উইথ করণ’-এর একাধিক পর্ব সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বলিউডের তারকাদের ব্যক্তিগত জীবন ও পারস্পরিক সম্পর্কের নানা অজানা দিক প্রকাশের কারণে অনুষ্ঠানটি দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পায়।
আগামী ১৪ অক্টোবর নবম মৌসুম শুরু হওয়ার পর সেই দীর্ঘ যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
সূত্র: এনডিটিভি




















