ঘুমধুম সীমান্তে ১ লাখ পিস ইয়াবা জব্দ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম নামক এলাকায় এ অভিযান চালানো হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপির একটি টহলদল কাস্টম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় ইয়াবার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।























