মধুপুরে হঠাৎ ঝড়ে ৮০ হেক্টর বাগান ক্ষতিগ্রস্ত
টাঙ্গাইলের মধুপুরে আকস্মিক ঝড়ে প্রায় ৮০ হেক্টর জমির কলা, পেঁপে, আনারস, ফলজ ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন উপজেলার বিভিন্ন এলাকার কৃষকেরা।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছাসহ বিভিন্ন এলাকায় হঠাৎ প্রবল বাতাসসহ ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যে ঝড়ে বিভিন্ন এলাকার বাগান লন্ডভন্ড হয়ে যায়।
কোথাও কলাগাছ ভেঙে গেছে, আবার কোথাও পুরো গাছ উপড়ে পড়েছে। একই সঙ্গে আনারস, পেঁপে ও বিভিন্ন ধরনের সবজির জমিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক হিসাবে শোলাকুড়ী, ফুলবাগচালা, অরণখোলা, ভুটিয়া ও কুড়াগাছা এলাকায় প্রায় ৮০ হেক্টর জমির কলা, পেঁপে, আনারস ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মাঠপর্যায়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পর ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘদিনের শ্রম, অর্থ ও পরিচর্যার পর বাগানগুলোতে ফসল ঘরে তোলার সময় ঘনিয়ে এসেছিল। অনেক কৃষক ধারদেনা ও সঞ্চয়ের টাকা বিনিয়োগ করে কলা, আনারস ও পেঁপের চাষ করেছিলেন। আকস্মিক ঝড়ে মুহূর্তের মধ্যে সেই বিনিয়োগ অনিশ্চয়তার মুখে পড়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরির পাশাপাশি সরকারি সহায়তা ও কৃষি বিভাগের প্রয়োজনীয় পরামর্শ দাবি করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাগান পরিদর্শন করে পুনরায় চাষাবাদে সহযোগিতা ও প্রয়োজনীয় কৃষি-প্রযুক্তিগত পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম বলেন, বুধবার দুপুরের আকস্মিক ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৮০ হেক্টর জমির কলা, পেঁপে, আনারস ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের কাজ চলছে। সন্ধ্যা হয়ে যাওয়ায় সব এলাকা পরিদর্শন করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করা হবে।


























