মা ইলিশ রক্ষায় যমুনার অভিযান, দশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ । পরে জব্দ করা এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
রবিবার (১১ অক্টোবর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ২২ দিনের জন্য ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এসময় ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও কেনাবেচা আইনত নিষিদ্ধ।
সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে রবিবার চরকাটারী,বাচামারা ও বাঘুটিয়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় নদী থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ঘাট এলাকায় জব্দ করা জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ শেষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার পুরো সময়জুড়ে অভিযান অব্যাহত থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ ইলিশ আহরণ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


























