ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল যুক্তরাষ্ট্রে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনস্যুলারবিষয়ক সহকারী সচিব মোরো নামদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘তিন লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে, এ সংখ্যা আরও বাড়ছে। ভিসাধারীদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট—যুক্তরাষ্ট্রের আইন মেনে চলুন, অন্যথায় দেশটিতে ভ্রমণের সুযোগ হারাবেন।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে আমাদের দেশ ও মার্কিন জনগণের নিরাপত্তা সবার আগে—আজ এবং প্রতিদিন।’
নিজের পোস্টের সঙ্গে হোয়াইট হাউসের একটি পোস্টও শেয়ার করেন নামদার। সেখানে বলা হয়, ‘ইতিহাসের অন্য যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে অনেক ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।’
এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক্সে দেওয়া এক পোস্টে বলেন, অবৈধ কর্মকাণ্ডে জড়িত কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেন—এমন বিদেশি নাগরিকদের ভিসা বাতিলের আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, ‘ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে যারা আইন ভঙ্গ করেন, জালিয়াতি করেন কিংবা আমাদের জাতীয় নিরাপত্তাকে ক্ষুণ্ন করেন, তাদের ব্যাপারে আমাদের কোনো ছাড় নেই।’
সূত্র: আনাদোলু






















