পর্তুগালের কাছে হার, ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ফিফা অ-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে আজ বাংলাদেশের দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে লিড নিয়েও ৩-১ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।
এর আগে গতকাল ইউরোপের আরেক দল ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। ফলে শক্তিশালী ইউরোপীয় দুই দলের বিপক্ষে এক ম্যাচে ড্র এবং অন্য ম্যাচে এগিয়ে থেকে হার—বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলের জন্য ইতিবাচক ফল হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
ফিফা এবারই প্রথম অ-১৫ পর্যায়ের এই ফেস্টিভ্যালকে বৈশ্বিক রূপ দিয়েছে। এতে ১৯১টি দেশ ৩২টি গ্রুপে অংশ নিচ্ছে। ম্যাচগুলো হচ্ছে এইট-এ-সাইড ফরম্যাটে, যেখানে প্রতিটি ম্যাচের সময় ২০ মিনিট করে মোট ৪০ মিনিট।
পর্তুগালের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই বায়েজিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। রোনালদোর দেশের বিপক্ষে ম্যাচের শুরুতেই গোল করে লাল-সবুজের প্রতিনিধিরা জয়ের আশা জাগিয়েছিল। তবে পরবর্তী সময়ে বাংলাদেশের কিছু ভুল এবং পর্তুগালের ভালো পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা। শেষ পর্যন্ত ৩-১ গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
এই অ-১৫ দল গঠনের প্রক্রিয়াটিও ছিল দীর্ঘ। ২০২৪ সালের শেষ দিকে অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশজুড়ে অনুষ্ঠিত ওই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ফুটবলারদের বাছাই করা হয়। তাদের নিয়ে ক্যাম্প আয়োজনের পর আরেক দফা উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে গঠন করা হয় অ-১৫ দল।
এরপর দুই মাসের বেশি সময় অনুশীলন করে আজারবাইজানে ফিফা অ-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিতে গেছে বাংলাদেশ।
ফুটবলে ওয়েলস ও পর্তুগালের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক পিছিয়ে। সেই দুই ইউরোপীয় দলের বিপক্ষে একটি ম্যাচে গোলশূন্য ড্র এবং অন্যটিতে এগিয়ে থেকে ৩-১ গোলে হার বাংলাদেশের তরুণ ফুটবলারদের সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে।

























