৩৫ কিলোমিটার রেললাইন নির্মিত হলেই পূরণ হতো ২৭ লাখ সুনামগঞ্জবাসীর স্বপ্ন
মাত্র ৩৫ কিলোমিটার রেললাইন নির্মাণ হলেই সুনামগঞ্জ জেলা শহর রেল যোগাযোগের আওতায় আসতে পারে। দীর্ঘদিনের এই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। ছাতক রেলস্টেশন থেকে আমবাড়ী হয়ে মাত্র ৩৫ কিলোমিটার রেল লাইন রাস্তা নির্মাণ করলেই সুনামগঞ্জের ২৭ লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতো।
বিভিন্ন সময়ে সুনামগঞ্জ শহর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি।
সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি, ছাতক পর্যন্ত বিদ্যমান রেলপথকে আমবাড়ী হয়ে ৩৫ কিলোমিটার সম্প্রসারণ করে জেলা শহর সুনামগঞ্জের সঙ্গে যুক্ত করা হোক। এতে জেলার লাখ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং ব্যবসা-বাণিজ্য ও পর্যটনসহ অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
রেলওয়ের পরিকল্পনায় বিভিন্ন সময়ে ছাতক থেকে সুরমা নদী পেরিয়ে দোয়ারাবাজার-আমবাড়ী হয়ে সুনামগঞ্জ শহর পর্যন্ত রেললাইন নেওয়ার বিষয়টি উঠে এসেছিল। এ নিয়ে সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে নানা প্রতিকূলতার কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।
অন্যদিকে সিলেট-ছাতক রেলপথটি ১৯৫৪ সালে নির্মিত হয়। প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি সুনামগঞ্জের ছাতককে সিলেটের সঙ্গে যুক্ত করেছে। ২০২২ সালের ভয়াবহ বন্যায় রেলপথটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রেলপথটি পুনর্বাসনে ২১৭ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নেওয়া হলেও এখনো প্রকল্পের কাজ শেষ হয়নি। ২০২৭ সালের আগস্ট মাস পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়।
সুনামগঞ্জবাসীর দাবী শুধু ছাতক পর্যন্ত রেল যোগাযোগ পুনরুদ্ধার নয়, এই রেলপথকে আমবাড়ী হয়ে সুনামগঞ্জ শহর পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হউক। এতে জেলা সদর সরাসরি জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে এবং সরকারের অর্থনীতিতে যুক্ত হবে নতুন সম্ভবনা। সুনামগঞ্জের বিশিষ্টজনেরা
জানান সুনামগঞ্জবাসীর জন্য এই ৩৫ কিলোমিটার রেললাইন শুধু একটি যোগাযোগ প্রকল্প নয়; এটি জেলার অর্থনৈতিক, সামাজিক ও পর্যটনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবকাঠামো হতে পারে।















