‘সঠিক দিকনির্দেশনা ও আত্মবিশ্বাসী হতে হবে’—নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে ইউএনও-র মোটিভেশনাল ক্লাস
নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির হলরুমে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা বৃদ্ধি এবং আত্মউন্নয়নের লক্ষ্যে এক বিশেষ মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিসুর রহমানের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির সভাপতি ও সহকারী অধ্যাপক মো. গোলাম রসুল রাজা। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল পর্বে প্রধান আলোচকের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন বয়ঃসন্ধিকালের শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, “বয়ঃসন্ধিকাল হলো মানুষের জীবনের অন্যতম একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ পর্যায়। এ সময়ে সঠিক দিকনির্দেশনা, মানসিক দৃঢ়তা এবং আত্মবিশ্বাসই তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে পারে।” এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা, নৈতিক মূল্যবোধ বজায় রাখা এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি নিজেদের আত্মউন্নয়নে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক মো. গোলাম রসুল রাজা শিক্ষার্থীদের শৃঙ্খলা, সততা এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মোটিভেশনাল ক্লাস অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।
সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক কে এম আনিসুর রহমান আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ ও সচেতনতা বাড়াতে বিদ্যালয় কর্তৃপক্ষের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা কৌতূহলোদ্ভূত বিভিন্ন প্রশ্ন করলে অতিথিরা তার সন্তোষজনক উত্তর দেন এবং তাদের মাঝে প্রয়োজনীয় সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।


























