যামিনীপাড়া জোনের উদ্যোগে ৩০০ পরিবারকে কৃষি ও হাঁস-মুরগি পালনের সামগ্রী বিতরণ
শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় খাগড়াছড়ির যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) কর্তৃক স্থানীয় অসহায় ও হতদরিদ্র ৩০০টি বাঙালি ও পাহাড়ি পরিবারের মাঝে কৃষি উৎপাদন এবং হাঁস-মুরগি পালনের সহায়ক সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুর ১টা পর্যন্ত মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি বিওপির আওতাধীন লাইফু কারবারীপাড়া এলাকায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি, অর্ডন্যান্স।
এ সময় স্থানীয় দরিদ্র ও অসহায় কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করতে কীটনাশক স্প্রে মেশিন, কোদাল, কাঁচি, বাঁশের টুকরি, কীটনাশক, বিভিন্ন প্রকার সার ও বীজ বিতরণ করা হয়। পাশাপাশি হাঁস-মুরগি পালনে সহায়তার জন্য ড্রিংকার পট, ফিডার পটসহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় মোট ৩০০টি পরিবারের মাঝে এসব কৃষি ও গবাদিপ্রাণি পালনের সহায়ক সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বাঙালি ও পাহাড়ি উভয় জনগোষ্ঠীর অসহায় পরিবারগুলো উপকৃত হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিজিবির এ উদ্যোগ স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, আস্থা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।


























