১৮ পুরস্কার জিতেও হলসংকটে ‘পায়ার’, বৃদ্ধ দম্পতির গল্পে দর্শকের হৃদয় জয়
২০১৮ সালে ভারতের উত্তরাখন্ডের মুন্সিয়ারিতে এক বৃদ্ধ দম্পতির সঙ্গে দেখা হওয়ার পর ‘পায়ার’ সিনেমার ভাবনা আসে পরিচালক কাপরির মনে। শুরুতে ওই দম্পতিকে নিয়েই সিনেমা নির্মাণের পরিকল্পনা করেছিলেন তিনি। পরে নিজের চাচা পদম সিং এবং অন্য গ্রামের হীরা দেবীকে অভিনয়ের জন্য নির্বাচন করেন।
২০২৪ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। পরিচালকের ভাষ্য অনুযায়ী, ‘পায়ার’ সেরা ফিচার ফিল্মের তিনটি পুরস্কারসহ এখন পর্যন্ত মোট ১৮টি পুরস্কার অর্জন করেছে।
এত অর্জন ও প্রশংসা সত্ত্বেও সিনেমাটি মুক্তির সময় পরিবেশক পেতে বেশ বেগ পেতে হয় নির্মাতাদের। শেষ পর্যন্ত গত ৩০ অক্টোবর মাত্র ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি। তবে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ায় পরবর্তী সময়ে প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ানো হয়।
সিনেমাটিতে অভিনয় করা হীরা দেবীর মতে, ছবিটি দর্শকদের মনে গভীরভাবে দাগ কাটছে। কারণ, ভারতের অনেক গ্রামেই বৃদ্ধ মা-বাবারা সন্তানদের অপেক্ষায় নিঃসঙ্গ জীবন কাটান। জীবিকার তাগিদে সন্তানরা শহর কিংবা দূরদূরান্তে চলে যাওয়ায় তাঁদের জীবনে নেমে আসে একাকিত্ব।
অন্যদিকে, পদম সিংয়ের আহ্বান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ পৌঁছে দিতে হবে। যেন জীবিকার সন্ধানে তরুণদের নিজেদের মাতৃভূমি ও পরিবার ছেড়ে দূরদেশে পাড়ি জমাতে না হয়।
মূলত গ্রামীণ জীবনের বাস্তবতা, বার্ধক্যের নিঃসঙ্গতা এবং সন্তানদের অপেক্ষায় থাকা মা-বাবার আবেগঘন গল্পই ‘পায়ার’ সিনেমাটিকে দর্শকদের কাছে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে।
সূত্র: বিবিসি
























