ই-রিকশার নিবন্ধনে দিতে হবে চার ধরনের বাড়তি তথ্য
ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) নিবন্ধন প্রক্রিয়ায় আবেদনকারীদের কাছ থেকে চার ধরনের অতিরিক্ত তথ্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মূল বিধিমালায় নির্ধারিত তথ্যের বাইরে আবেদনকারীর পেশা, মাসিক আয়, কোন অঞ্চলের জন্য আবেদন করছেন এবং তিনি নিজে রিকশা চালাবেন কি না—এসব তথ্যও ফরমে যুক্ত করা হচ্ছে।
ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, সংস্থাটির আওতাধীন ১০টি অঞ্চলে ১০ হাজার করে মোট এক লাখ ই-রিকশার নিবন্ধন ফরম বিক্রি করা হতে পারে। তবে ফরম ছাপানো ও বিক্রির জন্য এখনো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া যায়নি।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ হাবিবুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ই-রিকশার নিবন্ধনের জন্য একটি আবেদন ফরম তৈরি করা হয়েছে। এতে চারটি বিষয় যুক্ত করে নতুনভাবে ফরম ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়গুলো হলো—আবেদনকারী কোন অঞ্চলের জন্য আবেদন করবেন, তিনি নিজে রিকশা চালাবেন কি না, তাঁর পেশা এবং মাসিক আয়।
তিনি আরও জানান, এসব তথ্য যুক্ত করে ফরম ছাপানোর অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে ফরম ছাপানো ও বিক্রির কার্যক্রম শুরু হবে। তবে এখনো ফরম বিক্রির নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।
ফরমের মূল্য নির্ধারণের বিষয়টিও মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। কারণ, ই-রিকশা চলাচল বিধিমালায় আবেদন ফরমের মূল্য নির্ধারণের বিষয়ে স্পষ্ট নির্দেশনা নেই। তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাদের আবেদন ফরমের মূল্য ১০০ টাকা নির্ধারণ করেছে।
চার ট্রাফিক অঞ্চলে চার রঙের ফরম
ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, তাদের ১০টি অঞ্চলকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের চারটি অঞ্চলের সঙ্গে সমন্বয় করা হবে। প্রতিটি ট্রাফিক অঞ্চলের জন্য আলাদা রঙের আবেদন ফরম তৈরি করা হবে। ফরমে ট্রাফিক অঞ্চলের নামের পাশাপাশি বন্ধনীর মধ্যে ডিএনসিসির সংশ্লিষ্ট অঞ্চলের নাম উল্লেখ থাকবে।
তবে কতটি ই-রিকশার নিবন্ধন দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ডিএনসিসির রাজস্ব বিভাগের সূত্র জানায়, এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ জরিপ করছে। জরিপ, আলোচনা ও সুপারিশের ভিত্তিতে প্রতিটি অঞ্চলে কতটি ই-রিকশা চলাচল করতে পারবে, তা নির্ধারণ করা হবে। ফলে প্রাথমিকভাবে এক লাখ আবেদন ফরম বিক্রির যে পরিকল্পনা রয়েছে, তাতেও পরিবর্তন আসতে পারে।
রিকশা কেনার পর জমা দিতে হবে আবেদন
ডিএনসিসির পরিকল্পনা অনুযায়ী, আগ্রহীরা প্রথমে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। তবে রিকশা না কিনে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে না। অর্থাৎ, অনুমোদিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ই-রিকশা কেনার পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে নিবন্ধনের আবেদন করতে হবে।
আবেদন ফরমে অটোরিকশার নম্বর, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, মোটর নম্বর ও ব্যাটারির নম্বর উল্লেখ করতে হবে। এসব তথ্যের মাধ্যমে গাড়ির পরিচয় ও কারিগরি বৈশিষ্ট্য যাচাই করা হবে।
বুয়েটের নকশা অনুযায়ী তৈরি হতে হবে ই-রিকশা
নিবন্ধনের অন্যতম শর্ত হলো, ই-রিকশাটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত নকশা ও কারিগরি মানদণ্ড অনুযায়ী তৈরি হতে হবে। এ জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি এবং পরে বুয়েটের কারিগরি অনুমোদন নিতে হবে।
ডিএনসিসির সূত্র জানায়, এ পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সাতটি প্রতিষ্ঠানকে নির্ধারিত নকশায় অটোরিকশা উৎপাদনের অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—নিউ গ্রামীণ মোটরস, ডাইনামিক মোটরস, ডায়াস্টার (হাইটেক পাওয়ার), মনির অটো ও আকিজ মোটরস। বাকি দুটি প্রতিষ্ঠান অনুমোদন পেলেও এখনো উৎপাদনে যায়নি।
এ ছাড়া নতুন কোনো প্রতিষ্ঠানও নির্ধারিত নকশা অনুযায়ী ই-রিকশা উৎপাদনের অনুমতি নিতে পারবে। এ ক্ষেত্রে প্রথমে মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর বুয়েটের কারিগরি অনুমোদনের জন্য আবেদন করা যাবে।
নিবন্ধন ছাড়া চলবে না ই-রিকশা
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে। দেশের সব সিটি করপোরেশন এলাকায় এ বিধিমালা কার্যকর হবে।
বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে পারবে না। প্রতিটি নিবন্ধিত অটোরিকশার জন্য কিউআর কোডযুক্ত আলাদা নম্বর ও নম্বরপ্লেট থাকবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে এক বা একাধিক সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে। তবে এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না।
এ ছাড়া জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস চলাচলের সড়ক এবং কর্তৃপক্ষ নির্ধারিত সড়কে ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ফুটপাতেও এসব যান চলতে পারবে না। কোন সড়কে ই-রিকশা চলাচল করতে পারবে, তা সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগ যৌথভাবে নির্ধারণ করবে।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে চারটি করে মোট আটটি জোন করা হবে। প্রতিটি জোনের অটোরিকশার রং হবে আলাদা। এক জোনে নিবন্ধিত অটোরিকশা অন্য জোনে চলাচল করতে পারবে না।
তিনি আরও জানিয়েছিলেন, চালকদের জন্য আপাতত আলাদা ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। নিবন্ধন প্রক্রিয়া এগিয়ে গেলে পর্যায়ক্রমে চালকদের লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে।





















